রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খুলনায় গুলি করে জুট শ্রমিককে হত্যা

খুলনায় গুলি করে জুট শ্রমিককে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে জলিল মুন্সি নামে ইস্পাহানী জুট জুট প্রেস শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুরের কুলিবাগান মোড়ে এ গুলির ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি জলিলের বুক ও পিঠে লাগে।

পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি প্রেসের শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানিয়েছে, জলিল মুন্সি কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে আসে। তারা জলিলকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে জলিল মাটিতে পড়ে যান। পুলিশের একটি টহল দল ঘটনাস্থলের কাছাকাছি থাকায় দুর্বৃত্তদের ধাওয়া করে। তবে তারা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা গুলিবিদ্ধ জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, জলিল মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদকসংক্রান্ত লেনদেন কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

তিনি আরও বলেন, এর আগে তার কাছে কোনো একটি পক্ষ চাঁদা চেয়েছিল। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশের টিম মোতায়েন রয়েছে।

খুলনা

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন