রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা।

রবিবার দিবাগত রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বরত এলাকাসমূহে মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য মোতাবেক বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান চালায়।

অভিযান কালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে ০২টি G3 রাইফেল, ০১টি MA 1 রাইফেল, ০৮ টি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

নৌবাহিনী জানায়, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সার্বিক নজরদারিবৃদ্ধিসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।

এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন