চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ হয়ে তাদেরকে সরিয়ে নিয়ে যায়।
রোববার (১৪ জুন) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে দর্শনা-জয়নগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ।
জানা গেছে, ভোরের দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন ৭৫ নম্বর মেইন পিলারের ভারতীয় অংশে ১১ জন ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে প্রবেশ করানো।

খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি। বিএসএফ বিজিবির কঠোর অবস্থ্যান দেখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। পরে জড়ো করা ১১ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নেয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফের পক্ষ থেকে বারবার পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করেছে।
তিনি আরও বলেন, আমরা বিভিন্ন সুত্রে জানতে পেরেছি ভারত সীমান্তে কলাবাগানে অবস্থান নিয়েছে। বিএসএফকে স্পস্ট জানিয়ে দিয়েছি কোনোভাবে যেন পুশ ইনের চেষ্টা না করা হয়।
তরফদার সাঈদ/এনডি/এএস



