, || ||

দুই বছরেও অধরা কুষ্টিয়া কারাগার ভেঙে পালানো বহু আসামি

দুই বছরেও অধরা কুষ্টিয়া কারাগার ভেঙে পালানো বহু আসামি

কুষ্টিয়া : ২০২৪ সালের গণ অভ্যুত্থানের দুইদিন পর অর্থাৎ ৭ আগস্ট দুপুরে কুষ্টিয়া জেলা কারাগারে থাকা ১০৪ বন্দি কারাগারের প্রধান ফটক ভেঙে পালিয়ে যায়। নজিরবিহীন বন্দি পলায়নের ঘটনার দুই বছর পূর্ণ হলেও এখনও অধিকাংশ পলাতক আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রাখার কথা বললেও পলাতক আসামিদের সুনির্দিষ্ট অবস্থান নিয়ে এখনও কোনো পরিষ্কার পরিসংখ্যান পাওয়া যায়নি।

তৎকালীন জেলার আবু মুসা ১০৪ জন আসামির পলায়নের বিষয়টি জানালেও বর্তমানে কতজন ধরা পড়েছে বা কতজন এখনও পলাতক সে বিষয়ে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ঘটনার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঝিনাইদহের শৈলকূপা থেকে আলোচিত ২৫ মামলার আসামি সামিরুল মণ্ডলকে র‍্যাব গ্রেপ্তার করলেও মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত সজীবসহ আরও কয়েকজনের অবস্থান এখনও অজানা।

জানা যায়, ওই দিন দুপুর আড়াইটার দিকে জামিনপ্রাপ্ত কিছু বন্দির মুক্তির প্রক্রিয়ার সময় গেটে হট্টগোল শুরু হয়। এর মধ্যেই হত্যা মামলার এক আসামি ও কিশোর গ্যাং লিডার সজিবের নেতৃত্বে ভেতরে থাকা বন্দিরা সংঘবদ্ধ হয়ে ফটক ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় অন্তত তিন কারারক্ষী আহত হন। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সমাজ সংগঠকেরা বলেন, এমন ঘটনা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। দুই বছর পরও অনেক পলাতক আসামি ধরা না পড়ায় উদ্বেগ আরও বেড়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির একজন নেতা বলেন, পলাতক এসব আসামি এখন সমাজের জন্য ঝুঁকি তৈরি করছে। তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে নতুন করে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অভিযান অব্যাহত রয়েছে।

ইয়াসির আরাফাত/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন