ঢাকা: তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। এর আগে সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
পরে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৫৪০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭শ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধানণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে গত ৬ সেপ্টেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে দুই লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা নির্ধারণ করা হয়।
আর ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে এক লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে এক লাখ টাকা ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৫৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫৭ দফা।
উল্লেখ্য, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৮৬ হাজার এক টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে।
এসএস/এএস



