ঢাকা: দেশে চালু হতে যাচ্ছে ডিজিটাল ব্যাংক ব্যবস্থা। তবে প্রচলিত ব্যাংকের মতো এসব ডিজিটাল ব্যাংকে থাকবে না কোনো শাখা, উপশাখা বা নিজস্ব এটিএম বুথ। অ্যাপ ও মোবাইল ফোনেই খোলা যাবে হিসাব, দেয়া যাবে টাকা জমা, করা যাবে লেনদেন ও ঋণের আবেদন। এ ছাড়া থাকবে ভার্চুয়াল কার্ড, কিউআর কোডসহ নানা প্রযুক্তিনির্ভর সেবা।
কম খরচে দ্রুত ব্যাংকিং সেবা দেওয়ার পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষ, তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীকে সেবার আওতায় আনাই এই ব্যংক ব্যবস্থার লক্ষ্য। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ইতোমধ্যে ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় আটটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এই নতুন ব্যাংকিং ব্যবস্থায় শুধু দেশের প্রচলিত ব্যবসায়ী গোষ্ঠী নয়, মোবাইল আর্থিক সেবা, টেলিকম, ক্ষুদ্রঋণ ও প্রযুক্তি খাতের দেশি-বিদেশি উদ্যোক্তারাও অংশ নিতে চাইছেন।

এ লক্ষ্যে দ্বিতীয় দফার আবেদনকারীদের মধ্যে রয়েছে—রবি আজিয়াটার ‘বুস্ট’, বাংলালিংক ও স্কয়ারের যৌথ উদ্যোগ ‘নোভা ডিজিটাল ব্যাংক’, আকিজ রিসোর্সের ‘মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক’, আশার ‘মৈত্রী ডিজিটাল ব্যাংক’, ‘আমার ডিজিটাল ব্যাংক-২২’, ‘৩৬ ডিজিটাল ব্যাংক’, ব্রিটিশ-বাংলা ডিজিটাল ব্যাংক, ভুটানের ডিকে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, অ্যাপ ব্যাংক, জাপান বাংলা ডিজিটাল ব্যাংক, উপকারী ডিজিটাল ব্যাংক ও বিকাশ ডিজিটাল ব্যাংক।
তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে কোন আটটিকে বাছাই করে চূড়ান্ত লাইসেন্সের জন্য আগামী পর্ষদ সভায় তোলা হচ্ছে, তা জানাতে রাজি হননি সংশ্লিষ্ট দায়িত্বশীল কোনো সূত্র।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, দ্বিতীয় দফায় জমা পড়া আবেদনগুলোর মধ্যে আটটি প্রতিষ্ঠানের মূল্যায়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী পর্ষদ সভায় বিষয়টি উঠবে এবং চূড়ান্ত লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে।
উল্লেখ্য, ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল ২০২৩ সালে। দীর্ঘ যাচাই-বাছাই, নীতিমালা পরিবর্তন ও লাইসেন্স নিয়ে নানা জটিলতার পর এবার দ্বিতীয় দফার আবেদন থেকে আটটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত অনুমোদনের জন্য বিবেচনা করা হচ্ছে।
এসএস/এএস



