সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদী: নরসিংদীতে নদীর পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে একসঙ্গে চার মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার ছাত্রী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলার রায়পুরা উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ ঘটনা ঘটে।

নিহত চার শিশু হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৯), রুবেল মিয়ার মেয়ে আশেয়া (৯) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)।

জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে ৬ থেকে ৭ শিশু শিক্ষার্থী কাকন নদীতে গোসলে নামে। এ সময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে অন্যরাও পানিতে তলিয়ে যায়।

পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে প্রথমে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয় এবং একজন শিশু নিখোঁজ ছিল। পরে নিখোঁজ সুমাইয়াকে মৃত উদ্ধার করা হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান বলেন, আমাদের এখানে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে ৩ শিশু নিহতের খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনের মরদেহ পেয়েছি। শুনেছি আরো ১ জননের মৃত্যু হয়েছে।

ওএনবি/আইএ/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন