ঢাকা : সরকার পুলিশ বাহিনীকে আগের পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বর্তমান পোশাক মানানসই নয়। সদস্যদের মতামত বিবেচনায় নিয়ে ঐতিহ্যবাহী ড্রেসের একটি অংশ ফিরিয়ে আনার বিষয়ে ভাবছে সরকার। তবে প্যান্ট আগের মতো খাকি কালারের হবে।

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা, যৌথ অভিযান পরিচালনার পদ্ধতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নিরাপত্তা জোরদার এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, ৫ আগস্টের পর অনেকে জামিন পেয়েছে, এটি আদালতের বিষয়। শীর্ষ সন্ত্রাসী বা অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের সংসদ অধিবেশন ছিল ইতিহাসের অন্যতম সফল। এটি কোনো বিতর্ক ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বিরোধীদলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা গঠনমূলকভাবে উপস্থাপন করা হয়েছে।
জেপি/এনডি/এএস



