ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলে বিশ্বের ঐতিহ্যবাহী নাজকা লাইনস এলাকা পরিদর্শনে যাওয়া একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ১৩ জন আরোহীরই মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শনিবার দুপুর ১টার দিকে পুয়েবলো ভিয়েহো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এর আগে বিমানটি পেরুর পিসকো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।
পেরুর রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, বিমানটিতে ১১ জন যাত্রী ও দুইজন পাইলট ছিলেন। বিমানটি নাজকা লাইনসের ওপর দিয়ে উড়ছিল।

তথ্য অনুযায়ী, নিহত যাত্রীদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির বরাতে পুলিশ মেজর জর্জ আন্দ্রাদে বলেন, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কোনো জীবিতকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের পানি ছিটাতে দেখা গেছে।
উল্লেখ্য, ‘নাজকা লাইনস’ বিশ্বজুড়ে পরিচিত। এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এসব বিশালাকার মূর্তি ও নকশা বিমান থেকে স্পষ্টভাবে দেখা যায় বলেই পর্যটকরা আকাশপথে এটি পরিদর্শনে যান।
জেএন



