ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা জব্দ করা হয়।
ভাঙ্গা থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত্রীকালীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটির অংশ হিসেবে এসআই (নিঃ) মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামে জুয়ার আসরে অভিযান চালানো হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে রায়হান খালাসী (৪৫), শহীদ ভূইয়া (৪৭), ফিরোজ মাতুব্বর (৪৫), আমির হোসেন (৪৪), মিজানুর রহমান ভূইয়া (৪৮) ও খোকন হোসেন (৫০) নামের ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই ভাঙ্গা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এসময় তাদের দখল থেকে একটি ডন প্যাকেটের ভিতরে থাকা ৫২টি তাস এবং জুয়ার বোর্ড থেকে মোট ৯৫০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওএনবি/শাখাওয়াত হোসেন/এনডি/এএস



