শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ফের দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে গেছে যাত্রীবাহী বাস

ফের দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে গেছে যাত্রীবাহী বাস

রাজবাড়ী : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা ভেঙে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ডুবে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘এসবি পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ডুবে যাওয়া বাসটি উদ্ধারে কাজ শুরু করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিরা। বাসটি নদী থেকে টেনে তুলতে এরই মধ্যে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

পুরো উদ্ধার কার্যক্রম সরাসরি তদারকি করছেন বিআইডব্লিউটিএ-এর মেম্বার (ইঞ্জিনিয়ারিং), যিনি বর্তমানে দৌলতদিয়ায় অবস্থান করছেন।

ফেরিতে ওঠার ঠিক আগেই বাস থেকে সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটিতে থাকা চালক, হেলপার ও সুপারভাইজার উদ্ধার করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথি দাস জানান, বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় বাসে যাত্রীরা ছিলেন না। যাত্রীরা আগেই নেমে গেছেন।

এর আগে, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

এমপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন