শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাজেট: স্বাস্থ্য খাতে আসছে বড় বরাদ্দ

বাজেট: স্বাস্থ্য খাতে আসছে বড় বরাদ্দ

ঢাকা : আসছে বাজেটে সরকার স্বাস্থ্য খাতে অগ্রাধিকার বাড়াতে চায়। তাই আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্য খাতের উন্নয়ন বাজেট প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর মোট বাজেটে স্বাস্থ্য খাতে অন্তত ৫ শতাংশ বরাদ্দ রাখার আশ্বাস দিয়েছে সরকার।

নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৫ হাজার ৫৩০ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই বরাদ্দ ছিল ১৮ হাজার ১৪৮ কোটি টাকা। মোট এডিপির ১১ দশমিক ৮৬ শতাংশ এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবহন ও যোগাযোগ এবং শিক্ষা খাতের পর এটিই তৃতীয় সর্বোচ্চ খাতভিত্তিক বরাদ্দ।

স্বাস্থ্য খাতের মোট ৩৫ হাজার ৫৩০ কোটি টাকার মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ পাবে ২৬ হাজার ৮০৬ কোটি টাকা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পাবে ৮ হাজার ২২১ কোটি টাকা। বাকি ৫০৩ কোটি টাকা অন্যান্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসংশ্লিষ্ট কার্যক্রমে ব্যয় হবে। আগামী ১১ জুন বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের কথা রয়েছে।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সারা দেশের হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা চেষ্টা করছি।’

এর আগে গত ১৯ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ৩ লাখ ৯ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দেয়।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতের জন্য প্রথমে বরাদ্দ ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা, যা জাতীয় বাজেটের ৫ দশমিক ২০ শতাংশ। পরে সংশোধিত বাজেটে তা কমে দাঁড়ায় ২৭ হাজার ৯২৫ কোটি টাকায়, অর্থাৎ প্রায় ১৩ হাজার ৪৮২ কোটি টাকা কমানো হয়। জাতীয় বাজেটে এর অংশও নেমে আসে ৩ দশমিক ৭৫ শতাংশে।

একইভাবে ২০২৩-২৪ অর্থবছরেও মূল বরাদ্দ ৩৮ হাজার ৫২ কোটি টাকা থেকে কমিয়ে ২৯ হাজার ৭৮২ কোটি টাকায় নামিয়ে আনা হয়।

এসএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন