চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাবার ব্যাটারিচালিত ভ্যান চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে রবিউল ইসলাম (১৫) নামে এক ছেলের মৃত্যু হয়েছে। মৃত রবিউল ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাংবাড়িয়া খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল একই এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, সন্ধ্যায় বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল রবিউল। পথে ভাংবাড়িয়া খালপাড়া এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে রবিউল গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএম



