ঢাকা: যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শুক্রবার (১৯ জুন) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬৮ শতাংশ কমে ৭৮ দশমিক ৩১ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ১৪ ডলারে লেনদেন হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হলে বৈশ্বিক বাজারে সরবরাহ বাড়বে, যা তেলের দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র।
সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথাও বলা হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা ৮ কোটি ৫০ লাখ ব্যারেলের বেশি তেল আবার বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারে।
জেএফজে



