ওএনবি ডেস্ক : বিশ্ববাজারে বাজারে তেলের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আলোচনা অচলাবস্থায় পড়ায় তেলের বাজার ফের ঊর্ধ্বমুখী ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১২টা ৫৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের জুন মাসের ফিউচারের দাম ১.৯১ ডলার বা ১.৬২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৯.৯৪ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির দাম ৯৪ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে ১১১.৩৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের সেশনে ৫.৮ শতাংশ বেড়েছিল।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুন ফিউচারের দাম ৬৩ সেন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৫১ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এই সূচক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং গত ৯ সেশনের মধ্যে আটটিতেই ঊর্ধ্বমুখী ছিল।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় বাজারে উদ্বেগ বেড়েছে। এর ফলে তেলের সরবরাহ স্বাভাবিক হতে দেরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, অবরোধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।



