ওএনবি ডেস্ক : খিচুড়ি বাঙালির কাছে বরাবরই আবেগের নাম। আর দিনটি যদি হয় মেঘলা, টুপটাপ বৃষ্টি তাহলে তো আর কথাই নেই। এমনো দিনে গরম গরম ধোঁয়া ওঠা ইলিশ খিচুড়ি; খাবারের এই রসায়নটা একদম জমে ওঠবে। বৃষ্টি ভেজা দুপুরে ঝটপট বানিয়ে ফেলুন ইলিশ খিচুড়ি।
যা যা লাগবে:
ইলিশ মাছ ৬ টুকরো, মুগ ডাল ১ কাপ, আতপ/বাসমতী চাল ১ কাপ,পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪–৫টি, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরো, এলাচ ৩–৪টি, লবঙ্গ ৩–৪টি, তেল ১/২ কাপ, ঘি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো এবংগরম পানি প্রয়োজনমতো।
যেভাবে রান্না করবেন:
প্রথমে মুগ ডাল হালকা করে ভেজে ধুয়ে নিন। চালও ভালো করে ধুয়ে রাখুন। ইলিশ মাছ ধুয়ে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে ইলিশ মাছ হালকা করে ভেজে তুলে রাখুন।একই কড়াইয়ে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে কষান। এবার ডাল দিয়ে কিছুক্ষণ নাড়ুন, তারপর চাল দিয়ে মিশিয়ে নিন। প্রয়োজনমতো গরম পানি দিন (খিচুড়ি পাতলা বা ঘন পছন্দ অনুযায়ী)। লবণ ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন এবং মাঝারি আঁচে রান্না করুন। চাল-ডাল আধা সিদ্ধ হলে ভাজা ইলিশ মাছ উপরে বসিয়ে দিন। সবার শেষে ঘি ছড়িয়ে ঢেকে কম আঁচে ১০ মিনিট দম দিন। ব্যাস হয়ে গেলো মজাদার ইলিশ খিচুড়ি।

এবার গরম গরম ইলিশ খিচুড়ি পরিবেশন করুন প্রিয়জনদের প্লেটে। চাইলে পাশে রাখতে পারেন বেগুন ভাজা, পেঁয়াজ ভর্তা বা আচার, কাঁচা মরিচ বা লেবু, এতে করে স্বাদ আরও বেড়ে যাবে।
জান্নাতুল ফেরদৌস জুলি/এনডি/জেএন



