ঢাকা: ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ হাজার ৪০০ জন।
বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ পরিস্থিতির তথ্য নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
এক প্রতিবেদনে শুক্রবার (৩ জুলাই) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রেসিডেন্ট রদ্রিগেজ সম্মেলনে বলেন, ‘আমরা নির্ভুল তথ্যের ভিত্তিতে হতাহতের সংখ্যা প্রকাশ করছি। সতর্কতার সঙ্গে যাচাইকরণপূর্বক এ তালিকা তৈরি করেছে প্রশাসন।’
তিনি বলেন, প্রথমে মৃত ঘোষণা করে তালিকাভুক্ত করা পাঁচ জনকে পরে জীবিত পাওয়া গেছে। দেশের আঙুলের ছাপ-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে তাদের সঠিক পরিচয় শনাক্ত করার পর এই তথ্য জানা যায়। নিশ্চিত প্রমাণ ছাড়া সরকার কোনো বিভ্রান্তিকর তথ্য বা সংখ্যা প্রকাশ করছে না।
উল্লেখ্য, গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
জেএফজে



