সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মিরপুরের পর এবার নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ

মিরপুরের পর এবার নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ

নারায়ণগঞ্জ : রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে যখন ক্ষোভ বিরাজ করছে। ঠিক তখনই নারায়ণগঞ্জের আরেকটি নৃশংস ধর্ষণের ঘটনা ঘটেছে।

সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে ৬ বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) বিকালে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হলেন- একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)। তাদের মধ্যে একজন পুলিশের হাতে ধরা পড়লেও অন্যজন পলাতক রয়েছে।

রাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্ত হিরোকে আটক করে পিটুনি দেন স্থানীয় জনতা। গুরুতর অবস্থায় পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঘটনার পর শিশুটির মা বিষয়টি বুঝতে পারলেও লোকলজ্জার ভয়ে প্রথমে কাউকে কিছু জানাননি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহাবুব আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আইভি রহমান একা/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন