শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর

ঢাকা: মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল ৪ হাজার ৯১৫ দিন গ্রহণযোগ্য হবে কি না সে বিষয়ে শুনানি হবে অবকাশকালীন ছুটির পর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ দিন ঠিক করে দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশকালীন ছুটিতে যাবে আপিল বিভাগ। এরপর কোর্ট খুললে তারও ৪ সপ্তাহ পর এটির শুনানির দিন দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে ৭ সেপ্টেম্বর আবুল কালাম আযাদের আপিলের বিষয়ে আদেশের দিন ধার্য থাকলেও আপিল বিভাগে অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় তা হয়নি। পরে বিষয়টি মঙ্গলবারের কার্যতালিকায় আসে।

এর আগে গত ১০ আগস্ট রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পর ১৭ আগস্ট শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল। ওইদিন শুনানি শেষে ৩১ আগস্ট পরবর্তী তারিখ রাখা হয়।

এরপর ৩১ আগস্ট আপিল বিভাগ ৭ সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন। আবুল কালাম আযাদের পক্ষে করা আবেদনে বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের সাজা স্থগিতের আবেদন করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পান।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনালের এটিই ছিল প্রথম রায়। দীর্ঘ ১৩ বছর পর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে তাঁর মৃত্যুদণ্ড এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আত্মসমর্পণের পর ট্রাইব্যুনাল তাঁকে মামলার প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি দেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিদ্যমান অবস্থায় থাকার নির্দেশনা দেন আপিল বিভাগ।

আরপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন