শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ, সত্য না মিথ্যা?

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ, সত্য না মিথ্যা?

ঢাকা: তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়েছে। সেখান থেকে খবরটি ভাইরাল হয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোতেও।

দেশটির একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস।

ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় তিনি শাহাদাহ পাঠ করেন এবং ইসলাম গ্রহণের ঘোষণা দেন- এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে।

তবে বিষয়টি নিয়ে এখনো সরাসরি কোনো বক্তব্য করেনি সাবেক ব্রাজিলিয়ান এই তারকা ডিফেন্ডার। ফলে ইসলাম গ্রহণের খবরটি আপাতত দাবি হিসেবেই রয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম ‘হাবেরলার’সহ কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি সামনে আসে। সেখানে বলা হয়, রবার্তো কার্লোস বেশ কিছুদিন ধরেই শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে শেখ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। সেই সাক্ষাতেই তিনি শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।

শাহাদাহ ইসলামে প্রবেশের মৌলিক ঘোষণা। আল্লাহর একত্ব ও হজরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর রাসুল হিসেবে স্বীকার করে ঈমানের ঘোষণা দেওয়াকেই শাহাদাহ বলা হয়।

কোনো ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইলে ঈমানের সাক্ষ্য পাঠ করেন। রবার্তো কার্লোসের ক্ষেত্রেও এমনটি ঘটেছে বলে দাবি করা হচ্ছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তথ্য সরাসরি রবার্তো কার্লোসের কাছ থেকে আসেনি। ফলে তার ধর্মান্তরের খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর আরও ছড়িয়ে পড়ে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পর।

সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের একটি সংগঠন ইসলামিক চ্যারিটেবল ইয়ুথ লিগ অব ব্রাজিলে অনুষ্ঠিত বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন শাহিন।

বৈঠকে শেখ হামাদাহ ছাড়াও ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের আরও কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

শাহিনের দাবি, শেখ হামাদা তাকে জানিয়েছেন- রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তিনি হামাদার সঙ্গে দেখা করেন এবং শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

তুরস্কের এই এমপি রবার্তো কার্লোসকে অভিনন্দনও জানিয়েছেন। পাশাপাশি তার ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও বরকতময় জীবনের শুভকামনা জানিয়েছেন তিনি।

শেখ জিহাদ হামাদাকে মুসলিম বিশ্বের ৫০০ প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবেও উল্লেখ করেছেন শাহিন।

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর এমন এক সময়ে সামনে এসেছে, যখন তার ব্যক্তিজীবন নিয়েও নতুন করে আলোচনা চলছে। সম্প্রতি মরক্কো বংশোদ্ভূত নারী সুহাইলা এল তাহিরিকে বিয়ের খবর প্রকাশ্যে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের চুক্তিপত্রে স্বাক্ষরের ছবিও ছড়িয়ে পড়েছে। তবে তাদের বিয়ের বিষয়টি একেবারে নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতেই তাদের সম্পর্ক ও বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল।

পরে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সুহাইলা এল তাহিরি ফুটবলের সঙ্গেও যুক্ত। তিনি ফিফা অনুমোদিত খেলোয়াড় এজেন্ট এবং ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করেন।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, রবার্তো কার্লোস ও সুহাইলার সম্পর্কের শুরুটা হয়েছিল পেশাগত যোগাযোগের মাধ্যমে। পরে সেই সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়।

ব্রাজিল ও ইউরোপের মধ্যে ফুটবলারদের ক্যারিয়ার ও ব্যবসায়িক বিষয় নিয়েও তারা একসঙ্গে কাজ করেছেন বলে দাবি করা হয়েছে।

তবে কিংবদন্তি এই ফুটবলারের ইসলাম গ্রহণের খবর যতই আলোচনায় থাকুক, এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- রবার্তো কার্লোস নিজে বিষয়টি নিশ্চিত করেননি।

তাই শেখ জিহাদ হামাদা ও তুরস্কের এমপির বক্তব্যের ভিত্তিতে খবরটি ছড়ালেও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটিকে নিশ্চিত সংবাদ হিসেবে দেখার সুযোগ নেই।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন