লালমনিরহাট : লালমনিরহাটের সীমান্তে বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৪ মে) ভোরে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খাদেমুল ইসলাম গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে খাদেমুলসহ কয়েকজন ব্যক্তি বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৯০৫/৬-এস পিলারসংলগ্ন এলাকায় যান। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।

পরে সঙ্গীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যু হয় খাদেমুল ইসলামের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
আরআইআর/এনডি/এএস



