রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

সাতক্ষীরায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনির নীলডুমুর খেয়াঘাটে একটি হার্ডওয়্যার দোকান থেকে ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (২৯ জুন) সকালে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ)-এর সদস্যরা সাপটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, নীলডুমুর বাজারের ব্যবসায়ী হারুন তার হার্ডওয়্যার দোকান খুলতে গেলে দোকানের ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা সিপিজি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

ব্যবসায়ীরা বলেন, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে।

বনবিভাগের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, সাপটি লম্বা ৫ ফুট ১০ ইঞ্চি। আনুমানিক ওজন ২৮ কেজি। উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে নিরাপদে সুন্দরবনের উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হবে। একই সঙ্গে জনসাধারণকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান।

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন