সাতক্ষীরা: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা শহরের কাটিয়ায় অবস্থিত ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
পরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় তারা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

”জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তাঁদের এই ত্যাগ আমাদের সততা ও নিষ্ঠার সাথে দেশের সেবা করার প্রেরণা যোগায়।”
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক জনাব মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং শহীদ ও আহত পরিবারগুলোর ত্যাগ ও বীরত্বের কথা তুলে ধরা হয়।
সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তাঁদের এই ত্যাগ আমাদের সততা ও নিষ্ঠার সাথে দেশের সেবা করার প্রেরণা যোগায়।
জুলাই আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ওএনবি/আব্দুল মোমিন/এএস



