শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাছ কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

মাছ কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম ফকির এবং মেহেদী হাসান ফকির।

নিহত নাসিম আলী ফকির ও মেহেদী হাসান ফকির সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকির ও হাফিজুল ইসলাম ফকিরের ছেলে। তারা আপন দুই চাচাতো ভাই।

স্থানীয় সুত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে তারা মোটরসাইকেলে করে চিংড়ির পোনা আনতে চুকনগরের উদ্দেশ্যে রওনা দেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন নাসিম ফকির।

গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসান ফকিরকে স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

জানা গেছে, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি কনজুমার ডিভিশন যশোরের। এর নম্বর ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪। দুর্ঘটনার পর চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন