সিলেট : গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ শিশুর মৃত্যু এটিই প্রথম। এর আগে একদিনে সর্বোচ্চ তিনজন পর্যন্ত শিশুর মৃত্যৃ হয়েছিল। মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের বাড়ি সুনামগঞ্জ এবং একজনের সিলেট ও হবিগঞ্জে।
শুক্রবার (২২ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ ও হবিগঞ্জে।
একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ ও সিলেটে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলা হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি সুনাগঞ্জে।
এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে চারজন এবং উপসর্গ নিয়ে আরও ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ শিশু ভর্তি হয়েছে। বিভিন্ন হাসপাতালে ২৮৪ শিশু চিকিৎসাধীন রয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।
স্ট্যালিন রহমান/এনডি/এএস



