শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে অপহৃত ছয় মাস বয়সী শিশু জাহিদ রাফসানকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি সুস্থ অবস্থায় আছে।
জাহিদ রাফসান শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের হাজী মজিদ বেপারী কান্দি এলাকার মালয়েশিয়া প্রবাসী জুয়েল মল্লিক ও তার স্ত্রী রাত্রি বেগমের ছেলে।
পুলিশ জানিয়েছে, প্রায় দুই বছর আগে আমেনা বেগমের মাধ্যমে চার লাখ টাকা সুদে ধার নেন রাত্রি বেগম। পরে গত বছর সুদসহ মোট চার লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও আমেনা বেগম আরও টাকা দাবি করেন। এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

জুয়েল মল্লিক ও তার স্ত্রী রাত্রি বেগমের অভিযোগ, শনিবার ভোরে শিশুটির চাচি আমেনা বেগম কিছু সময়ের জন্য জাহিদকে নিজের কাছে নেন। কিন্তু এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে শিশুটিকে ফেরত দিতে পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি।
এ ঘটনায় রোববার দুপুরে শিশুটির পরিবারের সদস্যরা কৌশলে টাকা দেওয়ার কথা বলে আমেনা বেগমকে ডেকে আনেন। তিনি জাজিরার ডুবিসায়বর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নেন, তবে শিশুটিকে সঙ্গে আনেননি। পরে বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে আমেনা বেগমকে আটক করা হয়।
একই সঙ্গে অপহৃত শিশুকে উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। রাত আনুমানিক সোয়া ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন বলেন, অপহৃত শিশুটিকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসপি/এনডি/এএস



