সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা। গতকাল সোমবার নিয়মিত ফুট পেট্রোলিংকালে সুন্দরবনের ব্যারাক খাল এলাকা থেকে এ ফাঁদ উদ্ধার করা হয়।
বন বিভাগ জানিয়েছে, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ব্যারাকখাল এলাকায় সন্দেহজনক কার্যকলাপের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় বনের ভেতরে পেতে রাখা ৪১টি হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ উদ্ধার করা হয়। ফাঁদগুলো এমনভাবে পাতা ছিল, যাতে বনাঞ্চলে বিচরণরত হরিণ সহজেই আটকা পড়ে শিকারিদের হাতে প্রাণ হারায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমরা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছি। উদ্ধারকৃত এসব ফাঁদ ধ্বংস করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। বন বিভাগের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এখানে বসবাসকারী বন্যপ্রাণী, বিশেষ করে হরিণের মতো গুরুত্বপূর্ণ প্রজাতি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
বন বিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট কর্মকর্তা ফজলুল হক, সাধারণ জনগণকে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেয়ে থাকেন, তাহলে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করেন।
আব্দুল মোমিন/এনডি/এএস



