রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সেরা শুটারের কৃতিত্ব অর্জন ডিএনসি কর্মকর্তা সিরাজুল মোস্তফার

সেরা শুটারের কৃতিত্ব অর্জন ডিএনসি কর্মকর্তা সিরাজুল মোস্তফার

কক্সবাজার : রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমীতে অনুষ্ঠিত ৩৫ দিনব্যাপী আর্মস ট্রেনিং কোর্সে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা।

তিনি শুটিংয়ে সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন এবং “বেস্ট মার্কসম্যানশিপ অ্যাওয়ার্ড” লাভ করেন।

সম্প্রতি বাংলাদেশ পুলিশ একাডেমীতে “আর্মস ট্রেনিং কোর্স ফর দ্য মেম্বারস অব ডিএনসি (৪র্থ ব্যাচ-২০২৬)” অনুষ্ঠিত হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক থেকে উপ-পরিচালক পদমর্যাদার মোট ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কোর্সের চূড়ান্ত মূল্যায়নে মোঃ সিরাজুল মোস্তফা অভূতপূর্ব নৈপুণ্যের মাধ্যমে নিখুঁতভাবে লক্ষ্যভেদ (বুলস-আই) করে সবার মধ্যে প্রথম স্থান অর্জন করেন। তাঁর এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে “বেস্ট মার্কসম্যানশিপ অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসুদেব বণিক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ একাডেমীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোঃ সিরাজুল মোস্তফার এ অর্জনে চট্টগ্রাম মেট্রো উত্তর ডিএনসি পরিবারসহ সংশ্লিষ্ট মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহকর্মীরা মনে করছেন, তাঁর এই সাফল্য মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে।

সংশ্লিষ্টরা জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিএনসির এ ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন