ঢাকা: জুলাই মাসের ২২ দিনে প্রবাসী বাংলাদেশীরা দেশে ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা হিসাবে বাংলাদেশী মুদ্রায় এই অর্থের পরিমাণ ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা জানান, ২২ জুলাই পর্যন্ত দেশে সর্বমোট ২ হাজার ১৭০ মিলিয়ন (২.১৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৭৫৯ মিলিয়ন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে প্রবাসীদের পাঠানো আয় বাড়ার ইতিবাচক প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও বড় উত্থান ঘটেছে। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবরীতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন বা ৩১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।
এসএস/এএস



