রংপুর : হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো রংপুর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। হঠাৎ শুরু হওয়া এই কম্পনে নগরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
রংপুর আবহাওয়া ও ভূ-কম্পন পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের আলুপাড়া এলাকায়।

রংপুর আবহাওয়া অফিসের ডিউটি অবজারভার শফিউল আলম ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৩টা ১০ মিনিটে ৪.৫ মাত্রার এই কম্পনটি রেকর্ড করা হয়। এর কেন্দ্রস্থল সীমান্ত সংলগ্ন এলাকায় হওয়ায় রংপুরে এর তীব্রতা বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পন শুরু হওয়ার সাথে সাথে বহুতল ভবনের বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন। আতঙ্কে অনেকে খোলা জায়গায় এবং রাস্তায় আশ্রয় নেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে রংপুরে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে রংপুর ও এর আশপাশের জেলাগুলো আগে থেকেই ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। আবহাওয়া অফিস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
নাহিদ হাসান/এনডি/এএস



