শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভেঙে পড়া ব্রিজ নির্মিত হয়নি দুই বছরেও

ভেঙে পড়া ব্রিজ নির্মিত হয়নি দুই বছরেও

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে ক্যানালের ওপর নির্মিত ব্রিজটি ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিড়ম্বনায় পড়তে হচ্ছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদেরও।

সাধারণ মানুষ প্রয়োজনের তাগিদে প্রায় দুই থেকে তিন কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরে তাদের কাজ সম্পন্ন করছেন। অসুস্থ রোগী নিয়ে চলাচল ও মাঠের ফসল নিয়ে প্রতিনিয়তই পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

স্থানীয়রা জানান, নতুন ব্রিজ নির্মাণে অনেকেই প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। দ্রুত ব্রিজ নির্মাণের দাবি তাদের।

৪৫ বছর আগে পানি উন্নয়ন বোর্ড উপজেলার আইলহাস ইউনিয়ানের সোনাতনপুর গ্রামে নির্মাণ করে ব্রিজটি। বেশ কয়েক বছর আগে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হলেও চলাচল করত মানুষ ও যানবাহন।

২০২৪ সালের জুন মাসের দিকে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ১০ মিটার লম্বা ব্রিজ এখন গলার কাঁটা এলাকার মানুষের কাছে।

ভাঙা ব্রিজ দিয়ে সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করায় দুর্ঘটনার শিকার হন প্রায়ই। বর্তমানে ব্রিজটির কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে প্রয়োজন ছাড়া কোথাও বের হন না এলাকার মানুষ।

আলমডাঙ্গা সোনাতনপুর গ্রামের বাসিন্দা রাশিদুল ইসলান জানান, কষ্টের কথা বলার কোনও জায়গা নেই। ছোট একটি ব্রিজের কারণে আমরা কোনও দিকে যেতে পারছি না। নতুন করে ব্রিজ নির্মাণে উদ্যোগও নেই। এখন আমরা অসহায় হয়ে পড়েছি।

আলমডাঙ্গার রহিমা খাতুন নামের এক নারীর ভাষ্য, চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা শহরে যেতে পারি না। শরীরে বাসা বাঁধছে অসুখ। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মৃত্যু অনিবার্য। আমরা এ থেকে রেহাই চাই।

মাঠে এখন বোরো ধানসহ বিভিন্ন ধরনের ফসল। ফসল নিয়ে আছি দুশ্চিন্তায়। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে অতিরিক্ত ভাড়া গুনতে হয় ফসল বাড়ি আনতে। আমাদের জীবন থমকে গেছে, আক্ষেপ আরিফ আহমেদ নামের এক কৃষকের।

জলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ জানান, আলমডাঙ্গার সোনাতনপুর গ্রামে একটি ব্রিজ ভেঙে পড়েছে। এতে এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ পেলে ব্রিজটি মেরামত করা হবে। নয়তো ওখানে নতুন ব্রিজ নির্মাণ করা হবে।

এআই/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন