ঢাকা : ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ চুয়াডাঙ্গা (ডুসাক)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন নাজমুস সাকিব।
শনিবার (১৬ মে) এক বিশেষ সভার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের কল্যানে নিয়োজিত এই সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও মাস্টারদা’ সূর্যসেন হলের একজন আবাসিক ছাত্র। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতি ও সামাজিক কার্যক্রমে পরিচিত মুখ মাহমুদুল জীবননগর উপজেলার সন্তান৷

অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া নাজমুস সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। সাকিব সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র।
দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া বলেন, ডুসাক শুধু একটি সংগঠন নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। চুয়াডাঙ্গা জেলা থেকে আগত নতুন শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং তাদের যেকোনো সংকটে পাশে থাকাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।
সংগঠনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, পূর্বসূরিদের দেখানো পথ ধরে তারা ডুসাক-কে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান। চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জেলার সার্বিক উন্নয়নে ডুসাক সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
এদিকে ডুসাকের নতুন কমিটি ঘোষণার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা আশা প্রকাশ করেন যে, এই তরুণ ও উদ্যমী নেতৃত্বের হাত ধরে ডুসাক চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালন করতে সক্ষম হবে।
সংগঠনের গতিশীলতা ও ঐতিহ্য বজায় রাখতে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে। খুব শিগগিরই ডুসাকের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জেএফজে/এনডি/এএস



