ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সাত দিনব্যাপী দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সোমবার (১৮মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহদাতবার্ষিকী উপলক্ষ্যে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আগামী ২৫ মে দলের পক্ষ থেকে বিশেষ পোস্টার প্রকাশ করা হবে এবং বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনও নিজস্ব উদ্যোগে পোস্টার প্রকাশ করবে। কর্মসূচির অংশ হিসেবে ৩১ মে দুপুর ২টায় রমনা ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শাহাদাৎ বার্ষিকীর মূল দিনটিতে ভোর ৬টায় সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং একইসঙ্গে কালো পতাকা উত্তোলন করা হবে।
ওই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলের সিনিয়র নেতারা শহীদ রাষ্ট্রপতির সমাধিতে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পিএস/এনডি/এএস



