ঢাকা : গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৫১২ শিশুর মৃত্যু হলো।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে বরিশালের এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশাল ও ময়মনসিংহে একজন করে শিশু মারা গেছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া সারা দেশে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৯৪ শিশু।
পিএস/এনডি/এএস




