সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

ঢাকা : পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহা উদযাপন। বুধবার (২৭ মে) সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশে ঈদের নামাজ ও কুরবানির মধ্য দিয়ে মুসলমানরা দিনটি পালন করছেন।

জিলহজের ৯ তারিখ মঙ্গলবার বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১৬ লাখ হাজি আরাফাতের ময়দানে সমবেত হন। ইহরাম পরিহিত হাজিদের তাওবা, দোয়া ও ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর। ইসলামী শরিয়তে আরাফাতে অবস্থান হজের প্রধান রুকন হিসেবে বিবেচিত।

দুপুরে নামিরা মসজিদে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাসহ ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে রাতযাপন করেন এবং মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। আজ ১০ জিলহজ মিনায় বড় জামারায় পাথর নিক্ষেপের মাধ্যমে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর হাজিরা কুরবানি ও তাওয়াফসহ হজের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় মুসলমানদের অনেকে আগেই গরু, ছাগলসহ কুরবানির পশু কিনেছেন। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নানা প্রস্তুতি নিয়েছেন তারা।

হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সৌদি সরকার ব্যাপক নিরাপত্তা ও পরিবহণ ব্যবস্থা গ্রহণ করেছে। তীব্র গরমে হাজিদের স্বস্তি দিতে বিভিন্ন স্থানে পানির ফোয়ারা ও ছায়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাজিদের যাতায়াত সহজ করতে প্রায় ২৪ হাজার বিশেষ বাস পরিচালনা করছে সৌদি আরব।

এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন