ঢাকা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। দীর্ঘ এই ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার।
এবার ঈদুল আজহায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এই দীর্ঘ বিরতি শেষে আজ থেকে আবারও কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারী।
তবে এই ছুটির আওতার বাহিরে ছিল জরুরি পরিষেবা হিসেবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহে নিয়োজিত কর্মী, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

ঈদের সাত দিনের ছুটিতে দেশের সব হাসপাতাল ও জরুরি সেবা কার্যক্রম সচল ছিল। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন এবং এর কর্মীরাও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেন।
আজ থেকে ব্যাংকের লেনদেন কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। এছাড়া বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে। পাশাপাশি দেশের দুই শেয়ারবাজারের লেনদেন কার্যক্রমও শুরু হবে।
এদিন সকাল ১০টা-বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
এছাড়া ডিএসই ও সিএসইতে স্বাভাবিক নিয়মে লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। স্টক এক্সচেঞ্জ দুটির অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ঈদের ছুটি শেষে রোববার থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ফলে রাজধানীর বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।
তবে প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিন অনেকেই কর্মঘণ্টার একটা বড় অংশ সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে কাটাবেন। আবার কিছু প্রতিষ্ঠান প্রথম দিনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে থাকে।
পিএস/এনডি/এএস



