ঢাকা : রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০ টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের এ আদেশ আদেশ দেন।
একইসঙ্গে অভিযোগ গঠনের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী ধাপে সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার (২ জুন) দিন ধার্য করেছেন।

এর আগে সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের (চার্জ গঠন) শুনানি অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে কঠোর পুলিশ বেষ্টনীর মধ্যে দুই আসামিকে আদালতের এজলাসে তোলা হয়।
আদালত সূত্রে জানা যায়, প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারকে হাজির করে অভিযোগ গঠনের শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে অগ্রসর হয়।
মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছিলেন। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার পরবর্তী ধাপ হিসেবে সাক্ষ্যগ্রহণের প্রস্তুতি নেবেন।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।
রাশেদ প্লাবন/এনডি/এএস



