ঢাকা : রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার না করতে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার কার্যক্রম শুরুর সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আইন অনুযায়ী বিচারকের সামনে অভিযোগ গঠন শুনানি, ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় বক্তব্য প্রদান এবং ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়া ছাড়া পুলিশ হেফাজতে কোনো আসামির বক্তব্য দেওয়ার সুযোগ নেই।’

তিনি আদালতকে জানান, এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পুলিশ হেফাজতে থাকা কিংবা দণ্ডপ্রাপ্ত আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা সর্বোচ্চ আদালতের নির্দেশনা ও রাষ্ট্রীয় নীতিমালার পরিপন্থী। এটি শাস্তিযোগ্য অপরাধও।
বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা, জনমত প্রভাবিত হওয়ার সুযোগ রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে পুলিশ হেফাজতে থাকা কোনো আসামি যেন প্রকাশ্যে বক্তব্য দিতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার আবেদন জানান তিনি।
শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আরপি/এনডি/এএস



