চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি )।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৯ টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের আব্দুল গণির বাঁশবাগান থেকে এসব উদ্ধার করা হয়।
বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমাদুরর রহমান স্বাক্ষরিত এক সংবাদ এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর-রশিদের নেতৃত্বে একটি দল গতকাল মঙঙ্গলবার রাতে নিয়মিত চোরাচালান প্রতিরোধ টহলে বের হয়। এ সময় বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় যে, মেদিনীপুর গ্রামের আব্দুল গণির বাঁশবাগানের পাশে মাটির নিচে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
পরে সেখানে অভিযানে মাটির নিচ থেকে একটি পুরাতন বিদেশী সচল ৭.৬৫ বোর পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা অবস্থায় তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে “MADE IN ITALY” লেখা ছিল এবং গুলিগুলোর পেছনে “KF 7.65” খোদাই করা ছিল।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য জীবননগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলাইমান শেখ জানান, গতকাল রাত এগারোটার দিকে ৫৮ বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দেয়। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জেডআর/এনডি/এএস



