রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নেইমারের সুস্থতার খবর বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ব্রাজিল শিবিরে

নেইমারের সুস্থতার খবর বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ব্রাজিল শিবিরে

ঢাকা : আর দুদিন পরেই পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। ঠিক এমন সময়ে স্বস্তি খবর পাওয়া গেল ব্রাজিল শিবিরে। দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র চোট থেকে সেরে ওঠার পথে। তিনি ‘প্রত্যাশিত অগ্রগতি’ দেখাচ্ছেন।

চোটের ব্যাপারে নেইমারের সর্বশেষ মেডিকেল রিপোর্ট নিয়ে এমনই ইতিবাচক বার্তা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

গত মাসে করা স্ক্যানে নেইমারের পায়ের পেশিতে (ক্যাফ) গ্রেড-২ মাংসপেশির ছিঁড়ে যাওয়ার (মাসল টিয়ার) সমস্যা ধরা পড়ে। সে সময় ধারণা করা হয়েছিল, তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

সোমবার (৮ জুন) নতুন করে এমআরআই স্ক্যান করানো হলে চিকিৎসকরা তার পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতির প্রমাণ পান।

বিবৃতিতে সিবিএফ জানায়, পরীক্ষায় তার চিকিৎসা প্রক্রিয়ায় প্রত্যাশিত মান অনুযায়ী ভালো উন্নতি দেখা গেছে। জাতীয় দলের মেডিকেল স্টাফের পরিকল্পনা অনুযায়ী তিনি পুনর্বাসন ও শারীরিক প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাবেন।

চোটের কারণে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ইতোমধ্যে দলের দুটি প্রস্তুতি ম্যাচ মিস করেছেন। তার অনুপস্থিতিতেও অবশ্য পানামার বিপক্ষে ৬-২ আর মিশরের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে সেলেসাওরা।

তবে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম গ্রুপ ম্যাচে তার খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও আশাবাদী দলের চিকিৎসকরা।

ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছেন। এবার তিনি ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন।

নতুন কোচে আনচেলত্তির অধীনে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। এরপর ২০ জুন হাইতি আর ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন