ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই একটি মার্কিন বিমান বাহিনীর বোয়িং বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আটজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার সময় বেলা ১১টা ২০ মিনিটে একটি পরীক্ষামূলক মিশনে থাকা অবস্থায় দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
সংবাদ সম্মেলনে ঘাঁটির কমান্ডার কর্নেল জেমস হেইস বলেন, আজ এডওয়ার্ডস বিমান ঘাঁটিতে আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।

তিনি জানান, নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী ও সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে পরে প্রকাশ করা হবে।
কর্নেল হেইস বলেন, দুর্ঘটনাটি বিমানঘাঁটির রানওয়ের মধ্যেই হয়েছে। এই কারণে ঘাঁটি থেকে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, বি-৫২ বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির সহায়তায় একটি পরীক্ষামূলক উড্ডয়নে অংশ নিয়েছিল। উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়।
প্রাথমিক ভিডিও ফুটেজ পর্যালোচনা করে কর্তৃপক্ষ এটিকে উদ্ধার-অসম্ভব ও প্রাণে বেঁচে থাকার কোনো সুযোগহীন দুর্ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় ৩০ দিন লাগতে পারে। তবে বিস্তারিত কারণ অনুসন্ধান ও প্রযুক্তিগত বিশ্লেষণ ছয় মাসেরও বেশি সময় নিতে পারে।
জেএফজে



