রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খেলার মাঠ থেকে রূপালী পর্দায় জামাল ভূঁইয়া

খেলার মাঠ থেকে রূপালী পর্দায় জামাল ভূঁইয়া

ঢাকা: এতদিন জামাল ভূঁইয়াকে দেখা গেছে মাঠে দলের নেতৃত্ব দিতে। তবে প্রথমবারের মতো মাঠ থেকে রুপালী পর্দায় নাম লেখালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

সম্প্রতি একটি ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন এই তারকা ফুটবলার। ফুটবল বিশ্বকাপের আবহকে কেন্দ্র করে নির্মিত আট পর্বের ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জামালকে।

সোমবার রাজধানীর কলাবাগান মাঠে এর শুটিং শুরু হয়েছে। আগামী ৩০ জুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

পরিচালক তারিক মুহাম্মাদ হাসানের নির্মাণে জামালের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী তাসনুভা তিশা। পাশাপাশি অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ।

জানা গেছে, অভিনয়ের অভিজ্ঞতা না থাকলেও নতুন চ্যালেঞ্জ গ্রহণে পিছিয়ে যাননি জামাল। কয়েক বছর আগে একই পরিচালকের একটি প্রস্তাব ফিরিয়ে দিলেও এবার দীর্ঘ চিন্তাভাবনার পর অভিনয়ে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

জামাল বলেন, ক্যামেরার সামনে প্রতিটি দৃশ্য ফুটিয়ে তোলা সহজ নয়, তবে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে বিষয়টি উপভোগ করছি। বিশেষ করে অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করা তাকে সমৃদ্ধ করছে।

নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান জানিয়েছেন, অভিনয়ে নবাগত হলেও জামাল অত্যন্ত মনোযোগী ও আন্তরিক। প্রতিটি দৃশ্যের খুঁটিনাটি বোঝার চেষ্টা করছেন এবং দ্রুত অভিনয়ের ভাষা রপ্ত করে নিচ্ছেন।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে তুমুল উন্মাদনা তৈরি হয়, সেই সামাজিক বাস্তবতাকেই গল্পের কেন্দ্রে রাখা হয়েছে।

এর আগে ক্রীড়াঙ্গনের পরিচিত মুখদের নিয়ে একাধিক নাটক নির্মাণ করেছেন তারিক মুহাম্মাদ হাসান। সেই ধারাবাহিকতায় এবার অভিনয়ের জগতে অভিষেক ঘটছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার।

মজার বিষয় হলো, যে কলাবাগান মাঠে বর্তমানে শুটিং চলছে, সেই মাঠের সঙ্গেই জড়িয়ে আছে জামালের ফুটবল জীবনের শুরুর স্মৃতি। ফলে নতুন যাত্রার সূচনাও যেন পুরোনো এক আবেগঘন জায়গা থেকেই।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন