ঢাকা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি ট্রাফিক কাঠামো ঘোষণা করেছে ইরান।
এই নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট নৌ-পরিবহন অপারেটরদের হরমুজ প্রণালি অতিক্রম করার জন্য পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটির কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে।
তবে সদ্য স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ অনুযায়ী, প্রথম ৬০ দিনের জন্য জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের শুল্ক বা ফি নেওয়া হবে না। এ সংক্রান্ত যাবতীয় খরচ ইরান সরকার নিজেই বহন করবে।

বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দেশটির নিরাপত্তা কাউন্সিলের সচিবালয় জানিয়েছে, নৌ-চলাচলের বিশেষ পরিস্থিতি এবং কিছু প্রাতিষ্ঠানিক ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে জাহাজগুলোকে কর্তৃপক্ষের নির্ধারিত রুট, সময়সূচি ও যাবতীয় পরিচালনগত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।
হরমুজ প্রণালি দিয়ে পর্যায়ক্রমে বাণিজ্যিক জাহাজের যাতায়াত বৃদ্ধি করার লক্ষ্যেই এই সুনির্দিষ্ট রুট ও সময়সূচি মেনে চলার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
একই সাথে ট্রানজিট রুটের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রের মাইন অপসারণসহ অন্যান্য প্রযুক্তিগত ও অতিরিক্ত সুরক্ষামূলক পদক্ষেপের বিষয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতে জানিয়ে দেবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্যগুলো সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটিকে সব আবেদন অত্যন্ত দ্রুততার সাথে এবং অগ্রাধিকার ভিত্তিতে যাচাই-বাছাই ও প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেএফজে



