ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান শেষে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে অস্থিরতা রোধে পুলিশকে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, সরকার সজাগ আছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটিকে কোনো ধরনের তৎপরতা চালাতে দেয়া হবে না।
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ১২ জুন সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে তথ্য পাওয়ার তিন দিনের মধ্যেই বেনজীরকে দেশে ফেরাতে যাবতীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে।
আরপি/এনডি/এএস



