সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসে আগুন দিয়েছে দুবৃত্তরা। এসময় অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু জানান, রাতে কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তারা দুটি অবিস্ফোরিত ককটেল ফেলে রেখে যায়।

তিনি বলেন, শনিবার (২০ জুন) সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পায়। পরে ঘটনাস্থলের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। পুলিশ এসে ককটেল দুটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুদলী বিএনপি অফিসে আগুন দিয়েছে। এতে অফিসের ভিতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
কালিগজ্ঞ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
আব্দুল মোমিন/এনডি/এএস



