সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সোনার পর ভ্যাট কমলো রুপার

সোনার পর ভ্যাট কমলো রুপার

ঢাকা: সোনার পর রুপার গহনা কেনাবেচায় ভরিপ্রতি বিদ্যমান ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থা বাতিল করে নির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করে দিয়েছে সরকার। ফলে সোনার মতো কমেছে রুপার গহনার ভ্যাটের পরিমাণ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোনা, প্লাটিনাম ও হীরার গহনার ওপর ভ্যাট ২ হাজার ৫০০ টাকা এবং রুপার গহনার ওপর ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সংশোধনী এনে অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। আগে সোনা ও রুপার গহনার দামের ওপর ৫ শতাংশ ভ্যাট নির্ধারিত ছিল।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয় ৷ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে প্রতি ভরি সোনার গহনায় ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়। যা আগে ছিল সোনার গহনার বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ।

সোনার গহনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হলেও রুপার ক্ষেত্রে আগের নিয়ম অর্থাৎ বিক্রয় মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট বহাল রাখা হয়।

ফলে বর্তমানে ভালো মানের এক ভরি রুপা কিনতে ভরিতে ২০০ টাকার ওপরে ভ্যাট দিতে হয়। এখন ১০০ টাকা ভ্যাট নির্ধারণ করায় সোনার মতো রুপার গহনার ওপরও ভ্যাটের পরিমাণ কমলো।

এসএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন