রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোল্ডেন বুটের দৌড়ে মেসির ঘাড়ে এমবাপ্পের নিঃশ্বাস

গোল্ডেন বুটের দৌড়ে মেসির ঘাড়ে এমবাপ্পের নিঃশ্বাস

ঢাকা: ২০২৬ বিশ্বকাপের সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে তুললেন কিলিয়ান এমবাপ্পে। শুধু দলকে নয় ব্যক্তিগত অর্জনের খাতাতেও এক নতুন উচ্চতায় পৌঁছেছেন ফ্রান্সের এই সুপারস্টার।

দুই গোলের সুবাদে চলমান বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফরাসি অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙারও খুব কাছে পৌঁছে গেছেন তিনি।

বুধবার (১ জুলাই) নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের ৪৫তম মিনিটে প্রথম গোল করেন এমবাপ্পে। এরপর ৭৪তম মিনিটে মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

এই জোড়া গোলে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬-এ, যা গোল্ডেন বুটের দৌড়ে তাকে লিওনেল মেসির সমতায় নিয়ে এসেছে। ফ্রান্সের সামনে আরও ম্যাচ থাকায় এককভাবে শীর্ষে ওঠার সুযোগও রয়েছে তার।

বিশ্বকাপের সর্বকালের গোলদাতাদের তালিকাতেও ইতিহাসের খুব কাছে চলে এসেছেন এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে জোড়া গোলের পর বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে।

এর মধ্য দিয়ে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন।

এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র একটি গোল। ২৯ ম্যাচে ১৯ গোল করেছেন আর্জেন্টাইন তারকা।

তবে শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মেসি গোল করলে সেই ব্যবধান আবারও বেড়ে যাবে। সেক্ষেত্রে অপেক্ষা বাড়বে ফরাসি তারকার।

তবে বয়স মাত্র ২৭ বছর হওয়ায় তার সামনে এই রেকর্ড ভেঙে আরও অনেক দূর নিয়ে যাওয়ার সুযোগও রয়েছে।

বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে ধারাবাহিক পারফরম্যান্সে এমবাপ্পে আবারও প্রমাণ করলেন, বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকর টুর্নামেন্ট ফুটবলারদের একজন তিনি।

এখন দেখার বিষয়, গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিতে পারেন কিনা কিলিয়ান এমবাপ্পে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন