ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার নতুনত্ব হচ্ছে- দেশের নয়টি শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা, যা অতীতে ছিল না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
বুধবার (১ জুলাই) ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষা এবং বহিরাগতদের প্রবেশ ঠেকাতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন।

উল্লেখ্য, এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা চলবে।
নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ৮ অগাস্ট, ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ অগাস্ট পর্যন্ত।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ জুলাই পর্যন্ত। বিএমটির তত্ত্বীয় পরীক্ষা ১ অগাস্ট ও ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২২ জুলাই পর্যন্ত।
জেপি/এনডি/এএস



