ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বিমানবন্দরের কার্গো হোল থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ।
জানা গেছে, দুবাই থেকে বিজি-১৪৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা সংস্থা, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা কাস্টমস হাউজ।

অভিযান চালিয়ে বিমানের হোল থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১৯ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪৫ কোটি টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ বলেন, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ১৪৮) একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। গোপন তথ্যের ভিত্তিতে বিমানটির কার্গোহোল (মালামাল রাখার স্থান) থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ১৯ কেজি। যার বর্তমান বাজার মূল্য ৪৫ কোটি টাকা। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।
আরপি/এনডি/এএস



