, || ||

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১

কুমিল্লা: কুমিল্লায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও অন্তত ১৫ জন যাত্রী। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

নিহতের নাম মোস্তফা কামাল। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাচিহাট গ্রামের মৃত নলি মিয়ার ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে ক্রসিং থানার ওসি ওসমান গনি।

তিনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাথেরপেটুয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১৬ জন যাত্রী আহত হন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত সাতজনের মধ্যে মোস্তফা কামাল (৬০) নামের এক যাত্রীকে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রেকারের মাধ্যমে সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এজেড/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন